হুটহাট বিরতিতে বিরক্ত ওয়াহ ও স্মিথ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনের খেলা শুরুর ২৫ মিনিটের মাথায় পাকিস্তানের আমের জামাল কাঁধে বলের আঘাত পাওয়ার পর তার জন্য প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অন্য প্রান্তে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানের জন্য ড্রিংকস নিয়ে যাওয়া হয় মাঠে।

খেলায় এভাবে হুটহাট বিরতি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মার্ক ওয়াহ ও ইয়ান স্মিথ।

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্য দেওয়া ইয়ান স্মিথ ফক্স ক্রিকেটকে বলেছেন, ‘বুঝতে পারছি না কেন ড্রিংকস নিয়ে যাওয়া হলো। খেলা শুরুর পর মাত্র ২৫ মিনিট সময় কেটেছে।’

রিজওয়ানের জন্য ড্রিংকস নিয়ে যাওয়ার পর খেলা বেশ কয়েক মিনিট বন্ধ ছিল। বিরক্ত স্মিথ আরও বলেছেন, ‘পাকিস্তানি ব্যাটসম্যানদের (সেবায়) তিনজন আছেন (মাঠে)। এখন অস্ট্রেলিয়ানরাও ড্রিংকসের বিরতি নিচ্ছে। এদিকে মাত্র ২৫ মিনিট খেলা হয়েছে এবং প্রায় ২৫ হাজার দর্শক নিজের আসনে বসে ভাবছেন খেলা কেন চলছে না? হালকা বৃষ্টিও শুরু হয়েছে।’ 

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মার্ক ওয়াহও এ সময় স্মিথের সঙ্গে একমত হয়ে বিরক্তি প্রকাশ করেন, ‘এটা অদ্ভুত! (কাঁধে) বল লাগার জন্য আপনি খেলা থামাতে পারেন না।’

মেলবোর্নে হালকা বৃষ্টির কারণে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে প্রায় ১৫ মিনিট দেরি হয়। দ্বিতীয় দিনে বাজে আবহাওয়ার জন্য প্রায় ১২ ওভারের খেলা হয়নি। আর প্রথম দিনে বাজে আবহাওয়ার জন্য খেলার জন্য নির্ধারিত তিন ভাগের প্রায় এক ভাগ সময়ই নষ্ট হয়, প্রথম দিনে ৬৬ ওভারের খেলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত