বাজে ফিল্ডিংয়ের গল্প পাকিস্তান ক্রিকেটে নতুন কিছু নয়। বহুবার এই আগুনে পুড়তে হয়েছে তাদের। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষেও তাই আক্ষেপের নাম ক্যাচ মিস।
নিশ্চিত জীবন পাওয়া মিচেল মার্শের ৯৬ রানের ইনিংসের সুবাদে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪১ রান।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৮ রানে থামিয়ে দেওয়ার পর ব্যাটিংটা ভালো হয়নি পাকিস্তানের। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে আজ ২৬৪ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা। ৫৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের অল্পতেই গুটিয়ে ফেলার দারুণ সুযোগ ছিল পাকিস্তানের সামনে। স্লিপে মার্শের সহজ ক্যাচ ছেড়েই হাত দিয়ে মুখ লুকালেন আব্দুল্লাহ শফিক। ২০ রানে জীবন পাওয়া মার্শ শেষ পর্যন্ত আউট হন ৯৬ রানে। সেটাও স্লিপে সালমান আগার দুর্দান্ত এক ক্যাচে। চলমান টেস্টের শুরুটাই হয়েছিল পাকিস্তানের ক্যাচ ড্রপের মধ্য দিয়ে। প্রথম ইনিংসে ব্যক্তিগত ২ রানে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলে দেন এই আব্দুল্লাহ শফিক।
শফিক ক্যাচটা না ছাড়লে মেলবোর্ন টেস্টের গল্পটা অন্যরকম হলেও হতে পারতো। মার্শের ক্যাচ যখন ছেড়েছেন, স্বাগতিকদের লিড তখন ছিল ১০০ রান। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান। এগিয়ে আছে ২৪১ রানে।
