'ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে'

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

'ভোট দিতে না গেলে তালিকা করে দেখে নেওয়া হবে, ৭ তারিখ ভোট কেন্দ্রে কারা ভোট দিতে গেলেন তাদের তালিকা পোলিং এজেন্ট দিয়ে করা হবে। যারা ভোট দিতে কেন্দ্রে যাবে না তাদের ৮ তারিখে দেখব'-এভাবেই গত সোমবার এক উঠান বৈঠকে ভোটারদের হুমকি দেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার নির্মল কুমার সাহাকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। কমিটির সভাপতি মো. শাহিন রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আওয়ামী লীগ প্রার্থী মো. জিল্লুল হাকিমের পক্ষে ভোট দিতেই এই হুমকি দেন তিনি।

এতে বলা হয়, এসব মন্তব্য নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর বিধির পরিপন্থী । কেন এই মন্তব্য নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী হবে না তা জানতে চেয়ে আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় স্ব- শরীরে হাজির হয়ে অত্র কমিটির কার্যালয়ে (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, রাজবাড়ী)  লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

রাজবাড়ী-২ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। মো. জিল্লুল হাকিম (নৌকা), নুরে আলম সিদ্দিকী (ঈগল), এস এম ফজলুল হক (সোনালী আঁশ), আবদুল মতিন মিয়া (মশাল), আবদুল মালেক মণ্ডল (ছড়ি), শফিউল আজম খান (লাঙল)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত