ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় ঝিনাইদহে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়েছে। এ ছাড়া জামালপুর-৫ (সদর) আসনে নৌকার নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার চারতলা নামক স্থানে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়।

স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে চারাতলা নিজের পুকুরে যাচ্ছিল স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান টুকু। সেসময় নৌকা প্রতীকের সমর্থক দুলালসহ তিনজন তাকে অতর্কিত হামলা করে। হামলকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় টুকুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হরিণাকু-ু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে নিজেই আসছি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জামালপুর-৫ (সদর) আসনে আবারও নৌকার নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার মধ্য রাতে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের রাজাপুর এলাকায় নৌকার একটি প্রচার কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ওই নির্বাচনী প্রচার কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট সাইম হোসেন জানান, বুধবার মধ্য রাতে মোটরসাইকেলযোগে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর কর্মী সমর্থকরা এলাকায় ঘোরাফেরা করে। রাত ২টার পরে ঈগল প্রতীকের সমর্থক সৌরভ, বাবুলের নেতৃত্বে বিএনপি-জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর করে। এ সময় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করা হলে জুয়েল, জাহাঙ্গীরসহ কয়েকজন নৌকার সমর্থক বিষয়টি টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনার পর ঈগল প্রতীকের সমর্থকরা পালিয়ে যায়।    

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু হামলার ব্যাপারে সাংবাদিকদের জানান, তারা নিজেরা নিজেরাই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। তারা এসব করে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছে, যেন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভয় পায়।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, বিষয়টি জেনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভোট চাইতে গিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের দুই সমর্থককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল জেলার গজারিয়া উপজেলার বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থক আজিজুল ইসলাম ও মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য আহতরা এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থকদের দোষারোপ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত