মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোকারম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর (৩৩)।
শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকারম কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামের সজিবুর রহমানের ছেলে। আহত চালক সাগর রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।
গাংনী বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইছাহাক আলী জানান, বামুন্দীগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মোকারম হোসেন মারা যান। তিনি এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। এই সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল মরদেহ উদ্ধার ও আহত মোতালেব হোসেন সাগরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানায়, মোকারম হোসেন ও মোতালেব হোসেন সাগর দুজনই এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তারা প্রতিদিনের মতো বামুন্দী বাজারে বিভিন্ন দোকানে কোম্পানির অর্ডার নিচ্ছিলেন। এ সময় একটি বাস তাদের ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল ভাঙাচোরা ছিল। ভাঙা সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সড়ক সংস্কার কাজ শুরুর পর থেমে থাকায় মেহেরপুর-কুষ্টিয়া সড়ক চলাচলে আরও অনুপোযুক্ত হয়ে পড়েছে। সড়কের প্রতিটা স্থান মরদ ফাঁদে পরিণত হয়েছে। ফলে, প্রায়ই দিনই এই সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী-পথচারীরা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
