আচরণবিধি লঙ্ঘন: ক্ষমা চাইলেন নৌকার প্রার্থী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম

‘নৌকায় ভোট দিতেই হবে, উল্টা-পাল্টা দু’একজন করছে এসব আামি শুনবো না, বাদশা’কে ভোট দিতে হবে না হলে সব সোজা করে দিবো’ এমন বক্তব্য দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা। যা আচরণবিধির লঙ্ঘন। এর প্রেক্ষিতে তাকে শোকজ করা হয়। এছাড়াও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
 
তারই প্রেক্ষিতে শুক্রবার সকাল ১০টায় তিনি না এসে তার পক্ষে নোটিশের জবাব দিয়েছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম। তার মাধ্যমেই তিনি নোটিশের লিখিত জবাব দিয়েছেন। নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ উদ দৌলা এর কার্যালয়ে তা জমা দেন। 

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ-উদ-দৌলার কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেন আ.কা.ম. সরওয়ান জাহান বাদশার প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালন। লিখিত জবাবে তিনি অভিযোগের দায় স্বীকার করে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দু:খ প্রকাশ করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে নৌকার প্রার্থী সরওয়ার জাহান বাদশার মুঠোফোনে একাধিকবার কল করেও কোন সাড়া পাওয়া যায়নি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত