‘ভোট বর্জনের’ আহ্বান জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিলি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল দুপুরে রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।
এর আগে সকালে শাহজাহানপুরে সড়কে পথচারী ও যানবাহনের যাত্রী ও চালকদের হাতে লিফলেট তুলে দেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ ছাড়া জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোটসহ বিরোধী রাজনৈতিক দলগুলো রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে।
