ওয়ানডেতে কয়েক বছর ধরেই বাংলাদেশকে কিছুটা সমীহ জাগানিয়া দল হিসেবে ভাবা হয়। টি-টোয়েন্টিতে কখনোই ভীতি জাগানোর মতো দল ছিল না তারা। তবে এখন ধীরে ধীরে করছে উন্নতি। তাইতো বাংলাদেশকে ভালো দল বলেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড।
নিউজিল্যান্ডের এতদিন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। চলতি সফরে দুই সংস্করণেই সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারা নাজমুল হাসান শান্তর দল এখন টি-টোয়েন্টি সিরিজে জয়ের স্বপ্ন দেখছে। তিন ম্যাচের সিরিজটিতে ১-০তে এগিয়ে আছে তারা। দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠের লড়াইয়ে নামবে দুই দল।
সিরিজ বাঁচাতে শেষ টি-টোয়েন্টি জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে স্টেড বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি নিজেদের সম্ভাবনার কথাও বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল। সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, ভালো লেগেছে এটা দেখে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।’
শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবদেরও প্রশংসা করেছেন স্টিড, ‘বাংলাদেশের কোচরা তাদের (পেসার) গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরও শাণিত হয়ে এসেছে এবার। বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যেকোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিইনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’
স্টিডের এমন মন্তব্যের প্রমাণ পুরো বছরের টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সে নজর দিলেও টের পাওয়া যায়। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০২৩ সালটা দারুণ গেছে বাংলাদেশের। এ বছর টাইগাররা ১৩ ম্যাচে ১০ টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
