গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

গোপালগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে রফিকুল হাসান রাজ (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাব্বির সিকদার নামের অপর এক যুবক আহত হন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। তিনি গোপালগঞ্জ পৌর যুবলীগের সদস্য ছিলেন। নিহত রফিকুল ইসলাম রাজ ও আহত সাব্বির সিকদার সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার একই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেলে দুজনেই মারাত্মক আগত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজের অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত সাব্বির সিকদারের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত