স্বামী লাঙ্গলের প্রার্থী, স্ত্রী ভোট চান নৌকায়

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন মাসুদুর রহমান। তিনি লাঙ্গল প্রতীক থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে তার স্ত্রী সুফিয়া রহমান প্রচার-প্রচারণা চালাচ্ছেন আসনটির বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনের পক্ষে। সুফিয়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি। একই পরিবার থেকে স্বামী-স্ত্রীর এমন ভিন্নধর্মী রাজনীতির বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর-১ আসন। এ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট মাসুদুর রহমান, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীক নিয়ে আবুল বাসার মাদবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক নিয়ে মো. আবদুস সামাদ ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা ঈগল পাখি প্রতীকে নির্বাচন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর মাসুদুর রহমান জাতীয় পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর তার স্ত্রী সুফিয়া রহমান মহিলা আওয়ামী লীগে যোগ দিলে তাকে শরীয়তপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতির পদ দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের অনুরোধে মাসুদুর রহমান আবার জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর তিনি জেলা সভাপতির পদ পান। দলীয় মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন শুরু করেন। তবে তার স্ত্রী সুফিয়া রহমান মহিলা আওয়ামী লীগে থেকেই রাজনীতি চালিয়ে যাচ্ছেন। সুফিয়া রহমান প্রতিদিন আওয়ামী লীগের নেতার্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।

এ বিষয়ে সুফিয়া রহমান বলেন, ‘আমার স্বামী জাতীয় পার্টি করেন। তিনি এবারের সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। তিনি (সুফিয়ার স্বামী) নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ভোট প্রার্থনা করছেন। আমি আমার দলীয় প্রতীকের প্রার্থী নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে রয়েছি। তবে রাজনীতির বিষয়টি আমাদের সাংসারিক জীবনে কোনো প্রভাব ফেলছে না।’

এ প্রসঙ্গে শরীয়তপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সামিনা ইয়াছমিন বলেন, ‘সুফিয়া রহমান আওয়ামী লীগের রাজনীতি করছেন। আমাদের সঙ্গে দলীয় প্রতীক নৌকার প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তার স্বামী জাতীয় পার্টির প্রার্থী, কিন্তু তাতে কোনো সমস্যা হচ্ছে না।’

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী মাসুদুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। আমার স্ত্রী আওয়ামী লীগ করেন। আমি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হলেও আমার পক্ষে কাজ করার জন্য স্ত্রীকে বলিনি। তিনি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, তাই নৌকার পক্ষে কাজ করছেন। এতে আমার কোনো বাধা বা আপত্তি নেই। রাজনীতিতে ভিন্নতা থাকলেও সাংসারিক জীবনে আমরা সুখী দম্পতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত