আব্দুল্লাহ শফিক ২ বল খেলেই ফিরে গেলেন। অভিষিক্ত সিয়াম আইয়ুব রানের খাতা খোলার আগেই আউট। টপ অর্ডারে নেই টেস্ট উপযোগী কোনো সংগ্রহ। মাঝে মোহাম্মদ রিজওয়ান একাই লড়েছেন। তবে শেষ বেলায় জ্বলে উঠলেন ৯ নম্বর ব্যাটসম্যান আমির জামাল। তার সাহসী এক ইনিংসে প্রথম ইনিংসে পাকিস্তান ৩১৩ রান করে গুটিয়ে যায়।
অস্ট্রেলিয়ানদের আগুনঝরা পেসের সামনে যেন দাঁড়াতেই পারছিলেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা। তারা সামিল হয়েছিলেন যাওয়া আসার মিছিলে। প্যাট কামিন্স তার পেস তোপ বজায় রেখেছেন সিডনিতেও। তাতে ২২৬ রানেই ৮ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ঠিক তখনই ৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে নামেন জামাল। তারপর খেলেন ৮২ রানের সাহসী এক ইনিংস।
জামালের ৯৭ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৪টি ছক্কার মার। তার এই সাহসী ইনিংসে ভর দিয়েই পাকিস্তান ৩০০ রানের বাধা অতিক্রম করে। জামাল ছাড়াও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান করেন ৮৮ রান। এছাড়া আগা সালমানের ব্যাট থেকে আসে ৫২ রান।
অসিদের হয়ে প্যাট কামিন্স সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্টার্ক নেন আরও দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ।
