ভোট চোরদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট চোরদের ধরিয়ে দিলে সম্মানজনক পুরস্কার ঘোষণা করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘যারা ভোট চুরি করতে যাবে তাদের ধরবেন। যে বা যারা ভোট চোর ধরিয়ে দেবেন আমি তাদের সম্মানজনক পুরস্কার দিব। এবার জাল ভোট চলবে না।’

আজ বুধবার বিকেলে সখীপুর উপজেলার মুখতার ফোয়ারা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা মার্কার) নির্বাচনী জনসভায় তিনি এ সব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী  আরো বলেন, ‘দীর্ঘ কয়েক বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি। মানুষের ভোটের কোনো অধিকার নেই। আমরা গামছা মার্কারা ভোটের অধিকার চাই। ভোটের অধিকার আদায়ের জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি।’ 

তিনি বলেন, ‘এবারের নির্বাচন ১৯৭১ সালের মত যুদ্ধ। এ যুদ্ধে আমাদের জিততে হবে।’

স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ করে বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার আমার দরকার না। ভোটকেন্দ্রে বেশি ভোটার দরকার শেখ হাসিনার। বাইরের দুনিয়ার কাছে তাঁকে ভোট দেখাতে হবে।’ 

নির্বাচনে ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি বেকুব নেতাদের বলি ভোট কেন্দ্রে ভোটার আমার দরকার না। ভোট কেন্দ্রে ভোটার শেখ হাসিনার দরকার। বাইরের দুনিয়ার কাছে তাকে মুখ দেখাতে হবে। সেই জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন। মা বোনদের নিয়ে যাবেন।’

পথসভায় আরো বক্তব্য দেন, কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকী, কন্যা কুঁড়ি সিদ্দিকী, বঙ্গবীরের সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত