ভোটের আগে বৃষ্টি, দিনে ঘন কুয়াশার আভাস

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। এদিন ভোর থেকেই সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। দেশের কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে নির্বাচনের আগের দিন দেশের কোনো কোনো জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ শুক্রবারসহ শনি ও রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিনদিন দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দেশের দিনাজপুর, পঞ্চহড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আগামীকাল শনিবার অর্থাৎ নির্বাচনের আগের দিন দেশের কোথাও কোথাও  গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে ওই দিন সারা দেশে ঠাণ্ডা বিরাজ করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ভোটের দিন (৭ জানুয়ারি) ভোর থেকেই সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। দেশের কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত