বগুড়া-৬ (সদর) আসনে সংসদ নির্বাচনে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে শহরের নাটাইপাড়া থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার তাদের আটক করেন। এ সময় দুই যুবকের কাছ থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বগুড়া শহরের কাঠনারপাড়া এলাকার বাসিন্দা আবু তাহের (৪৫) ও দেবেক (৩৯)। তবে তারা কোন প্রার্থীর সমর্থক প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নাড়াইপাড়া এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় স্থানীয়রা দুই জনকে আটক করেন। খবর পেয়ে বিজিবির সহযোগিতায় তাদের আটক দেখিয়ে থানা হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে বগুড়া-৬ আসনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, আটক দুই জনকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। তারা কোন প্রার্থীর সমর্থক জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
