ওয়ানডে বিশ্বকাপে দুটি ট্রফির ছোঁয়া পেয়েছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে একবার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা থামাতে চান ওয়ার্নার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট সেরা হয়ে সেই শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে আজ ওয়ার্নার ইতি টানেন টেস্ট ক্যারিয়ারের।
অস্ট্রেলিয়ার হয়ে এখন শুধু টি-টোয়েন্টিতেই দেখা যাবে ৩৭ বছর বয়সী এই অজি ব্যাটসম্যানকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ওয়ার্নার বললেন, 'হ্যাঁ, সেটিই বলা যায় আমার শেষের লক্ষ্য…আমার শেষটা হবে টি-টোয়েন্টি দিয়েই। ক্যারিয়ার শুরু করেছিলাম টি-টোয়েন্টি দিয়ে, শেষও করব টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। এটিই সবচেয়ে উপযুক্ত। খেলাটাকে আমি সত্যিই ভালোবাসি। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার হয়ে আরেকটি বিশ্বকাপ জিততে চাই আমি।'
২০০৯ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন ওয়ার্নার।
