অবশেষে জাতীয় দলে ডাক পেলেন মুজিব

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম

কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে বিবাদে জড়ানোর পর বড় শাস্তি পান আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। বিগব্যাশ লিগে তার অনাপত্তিপত্র বাতিল করে দেয় আফগান ক্রিকেট বোর্ড। এবার কিছুটা নমনীয় হয়েছে এসিবি। অবশেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।

তিন ম্যাচের সিরিজের জন্য শনিবার ১৯ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন রশিদ খানও। তবে আছে অনিশ্চয়তা। পিঠের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

গত জুলাইয়ের পর প্রথমবার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন মুজিব। এই বিভাগে তার সঙ্গী দুই রিস্ট স্পিনার কাইস আহমেদ ও নুর আহমদ।

ভারতের বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। মোহালিতে আগামী বৃহস্পতিবার শুরু দুই দলের লড়াই। পরের দুই ম্যাচ ইন্দোর ও বেঙ্গালুরুতে ১৪ ও ১৭ জানুয়ারি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে এটি দুই দলের শেষ সিরিজ।

 

আফগানিস্তান টি-টোয়েন্টি দল

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, হজরাতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মাদ নবি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শারাফউদ্দিন আশরাফ, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমদ, নাভিন-উল-হক, নুর আহমদ, মোহাম্মাদ সালিম, কাইস আহমেদ, গুলবাদিন নাইব ও রশিদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত