হবিগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা সদরের শায়েস্তানগর এলাকার পইল রোডে এ ঘটনা ঘটে। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর অস্থায়ী কার্যালয় ও দুটি মোটরসাইকেল পোড়ানো হয়। ভাঙচুর করা হয়েছে একটি ওয়ার্কশপ। গতকাল সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। জেলা নির্বাচন অফিসে দুটি বিস্ফোরণ ঘটলেও আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলে কিছু সময়। এক পক্ষ আরেক পক্ষের দিকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাউন্ড টিয়ারগ্যাস শেল ও রাবার বুলেট ছোড়ে। রাত ১০টার দিকে হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
