সারা দেশে গত বছরের ২৮ অক্টোবর থেকে এ বছরের গতকাল (৬ জানুয়ারি) পর্যন্ত ৭১ দিনে নাশকতা ও সহিংসতায় সারা দেশে ৩০৩টি অগ্নিকা- হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তারা জানায়, এসব অগ্নিকাণ্ডে ৩০২টি যানবাহন ও ২৩টি স্থাপনা পুড়ে গেছে। এ ছাড়া আটজন নিহত এবং ফায়ার সার্ভিসের সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পর্যালোচনায় দেখা যায়, যানবাহনের মধ্যে ১৭৬টি বাস, ৪৯টি ট্রাক, ২৫টি কাভার্ড ভ্যান, ২১টি মোটরসাইকেল, ১০টি পিকআপ, ৫টি ট্রেন, ৩টি সিএনজিচালিত অটোরিকশা, ৩টি প্রাইভেট কার, ৩টি মাইক্রোবাস, ৩টি লেগুনা, ১টি নসিমন, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ১টি, পুলিশের গাড়ি ১টি, অ্যাম্বুলেন্স ১টি। অন্যদিকে ২৩টি স্থাপনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ৯টি, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বৌদ্ধ মন্দির ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি রয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ৭১ দিনের মধ্যে ৪৭ দিন অগ্নিকাণ্ড হয়েছে। বাকি ২৪ দিন কোনো অগ্নিকাণ্ড হয়নি। এর মধ্যে অক্টোবর মাসে ১ দিন, নভেম্বর মাসে ৩ দিন, ডিসেম্বর মাসে ১৭, জানুয়ারি মাসে ৩ দিন কোনো অগ্নিকাণ্ড হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া দেশের ৪৩টি জেলায় আগুনের ঘটনা ঘটে। বাকি ২১টি জেলায় আগুনের ঘটনা ঘটেনি। পর্যালোচনায় দেখা গেছে, দেশে ৯০টি উপজেলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়, বাকি ৪০৫টি উপজেলায় কোনো আগুনের খবর পাওয়া যায়নি। এদিকে ঢাকা সিটিতে ১৩৭টি, ঢাকা বিভাগে ৫৭, চট্টগ্রাম বিভাগে ৩৫, রাজশাহী বিভাগে ৩৮, বরিশাল বিভাগে ৯, রংপুর বিভাগে ১০, খুলনা বিভাগে ৫, ময়মনসিংহ বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ৬টি অগ্নিকাণ্ড হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের ১৩৭টি অগ্নিকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৮৯টি ও ঢাকা উত্তর সিটিতে ৪৮টি আগুনের ঘটনা ঘটে। এলাকাভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, মিরপুর এলাকায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি। মিরপুর এলাকায় ১৯টি, গুলিস্তানে ১৪, নয়াপল্টন-কাকরাইল এলাকায় ৮, খিলগাঁও-মুগদা এলাকায় ১৪, পোস্তাগোলা-যাত্রাবাড়ী এলাকায় ১৪, মতিঝিল-আরামবাগ এলাকায় ৬, মোহাম্মদপুর এলাকায় ৮ ও বারিধারায় ৬টি করে আগুনের ঘটনা ঘটেছে।
এদিকে জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে ৩০টি, চট্টগ্রামে ১৮, বগুড়ায় ১৫, নারায়ণগঞ্জে ৭, সিরাজগঞ্জে ৬, নাটোরে ৬, বরিশালে ৫, মানিকগঞ্জে ৪, ফরিদপুরে ৪ ও লালমনিরহাটে ৪টি করে আগুনের খবর পাওয়া গেছে। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর সদর উপজেলায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি। গাজীপুর সদরে ১৪টি, বগুড়া সদরে ১০, কালিয়াকৈর উপজেলায় ৮, নারায়ণগঞ্জ সদরে ৫ এবং ফেনী সদরে ৫টি করে আগুনের ঘটনা ঘটেছে।
