চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ফের সংঘর্ষ হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে মৌলভীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপির কেউ আটক হয়নি বলে জানা গেছে। তবে ইটের আঘাতে কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাদের নাম ও সংখ্যা জানা যায়নি।
আজ বেলা আড়াইটার দিকে সরেজমিন ঘটনাস্থলে গেলে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, স্থানীয় নিমশা কলোনি থেকে হেকিম ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
সকাল ৯টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের অন্তত তিনবার সংঘর্ষ হয়। এ সময় আরাকান সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগান থেকে অন্তত ৫০০ রাউন্ড গুলি ছুড়েছে বলে ঘটনাস্থলে থাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
বেলা তিনটার দিকে দেখা যায়, আরাকান সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে বিএনপি নেতাকর্মীদের ছোঁড়া ইট-পাটকেল। ঘটনাস্থলে অবস্থান করছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন আছে র্যাব, পুলিশ। পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে রায়ট কার। দফায় দফায় ওই এলাকা টহল দিচ্ছে র্যাব।
