গত বছরের মাঝামাঝি সময়ে অভিনেতা জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নবনীতা দাস নিজেই। নানা সময়ে মতের পার্থক্যের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। যদিও সে সময় তাদের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।
এরই মধ্যে খবর ছড়ালো মা হতে চলেছেন নায়িকা। শুধু কি তাই? তার মা হওয়ায় সঙ্কটে পরিবার! কেউ যেন ক্ষতি করতে চাইছে তার। নবনীতা মা হচ্ছেন, খবরটি সত্যি। তবে সেটি বাস্তবে নয়, নাটকে। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা। তার অভিনীত চরিত্রের নাম কলি। সেই কলি চরিত্রই মা হতে যাচ্ছেন। অনুষ্ঠিত হয়েছে সাধের অনুষ্ঠান। এরমধ্যে কলির ক্ষতি করতে চাইছে এক রহস্যময়ী। সাইকেল থেকে ফেলে দেওয়ার চেষ্টা, নানা অজুহাতে বিপত্তির সৃষ্টি করায় চরম সঙ্কটে নবনীতার ‘অনস্ক্রিন’ পরিবার। সকল বাধা কাটিয়ে কলি কীভাবে সন্তানের জন্ম দেন সে দিকেই এগোচ্ছে ধারাবাহিকের প্লট।
প্রসঙ্গত, গত বছর বড়দিনের দিন জিতুর সঙ্গে এক পুরনো ছবি শেয়ার করেছিলেন নবনীতা। এর আগে পূজার সময় জিতু ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেও শেয়ার করেছিলেন ছবি। কেন এভাবে পুরনো কাসুন্দি ঘাঁটছেন তিনি? তবে কি আবারও জিতুকে নিজের কাছে পেতে চান নায়িকা? — উঠেছিল সেই প্রশ্নও। নায়িকা যদিও নীরব।
