চট্টগ্রাম-১৫

হেরে যাচ্ছেন দুই বারের এমপি আবু রেজা নদভী!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়ায়) আসনে এবারের দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ফলাফল গণনার শুরু হওয়ার পর অধিকাংশ কেন্দ্রে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এগিয়ে আছেন। পিছিয়ে আছেন দুই বারের সংসদ সদস্য আবু রেজা নদভী।

প্রাথমিক ভাবে সাতকানিয়ার ২৮টি কেন্দ্রে মোতালেব পেয়েছেন ১০ হাজার ১৮১ ভোট এবং নৌকা প্রার্থী নদভী পেয়েছেন ৬ হাজার ৬৭৯ ভোট। এছাড়া লোহাগাড়ার ৫০টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোতালেব পেয়েছেন ৩১ হাজার ৫৩ ভোট। অপরদিকে নদভী পেয়েছেন ৯ হাজার ৪৮১ ভোট।

এবার চট্টগ্রাম-১৫ আসনে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। লোহাগাড়ার ৬৮টি ভোটকেন্দ্রে প্রায় ২০-২৫ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল। দুপুর ১২টা পর্যন্ত অনেক কেন্দ্র ছিল একেবারে ফাঁকা। 

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের মাইজবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, সব কটি বুথ খালি। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান , এ পর্যন্ত  ১৬৬টি ভোট পড়েছে। মোট ভোটার ২ হাজার ৪৩৮। এছাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়, কলাউজান ডা. ইয়াকুব বজল উচ্চ বিদ্যালয়, আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রশিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা পর্যন্ত ২০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

তবে উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টায় নৌকা সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেয়া  কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কেউ জাল ভোট দিতে পারেনি। এছাড়া সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের কিছু কিছু কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. ইনামুল হাসান বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কেন্দ্রে ভোট সুষ্ঠু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত