চট্টগ্রামের সাতকানিয়ায় নামি কোম্পানির ড্রিংকসের আদলে তৈরি ভেজাল ও নকল পানীয় উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে দু'লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ নকল ড্রিংকস জব্দ ও ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াইষ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে পরিচিত একটি জনপ্রিয় কোম্পানির পানীয়ের সঙ্গে মিল রেখে একই রঙ, একই ধরনের বোতল ও হুবহু লেবেল ব্যবহার করায় সাতকানিয়ার আলিফ আইসক্রিম ফ্যাক্টরি ও নাহিয়ান আইসবার নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে খাবারের অনুপযোগী রঙ ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে পানীয় তৈরি করা হচ্ছিল। এছাড়া পানীয় মিষ্টি করতে ব্যবহার করা হচ্ছিল স্যাকারিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কারখানায় ব্যবহৃত রঙ খাবারের জন্য অনুমোদিত নয়, এটি মূলত কাপড়ে ব্যবহার করা হয়। বিষয়টি দেখে তিনি বিস্মিত ও হতবাক হন। আমরা কারখানার ম্যানেজার ও কর্মচারীদের তাদের তৈরি ড্রিংকস পান করতে বললে তারা আপত্তি করেন। এতে বোঝা যায়, তারাও জানতেন এসব পানীয় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশুরা এসব নকল ড্রিংকস পান করছে এ বিষয়টি তাকে ব্যথিত করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করেন এবং কারখানায় থাকা ভেজাল পানীয় ধ্বংসের নির্দেশ দেন। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
