ঘটা করে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু। তবে ক্রিকেটের জন্যই সরে এলেন সেখান থেকে। আমিরাতের আইএলটি২০তে মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজির এমআই এমিরেটস-এর হয়ে খেলবেন রাইডু। প্রতিযোগিতার শর্তের মধ্যেই রয়েছে- কোনো রাজনীতি সংশ্লিষ্ট ক্রিকেটার এতে অংশ নিতে পারবে না। তাই উপায়ান্তর না দেখে রাজনীতি ও ক্রিকেটের মধ্যে ক্রিকেটটাকেই বেঁছে নিলেন রাইডু।
গত ২৮ ডিসেম্বর অন্ধ্র প্রদেশের ইউভাজানা স্রামিকা রাইঠু কংগ্রেস পার্টিতে (ওয়াইএসআরসিপি) যোগ দিয়েছিলেন রাইডু। দলে তাকে স্বাগত জানান স্বয়ং পার্টি প্রধান জগন মোহন রেড্ডি। ছিলেন ডেপুটি চিফ মিনিস্টার কে নারায়ণা স্বয়ামি এবং রাজামপেতা লোকসভা সদস্য পি মিথুন রেড্ডি।
গত ৬ জানুয়ারি ক্রিকেট খেলতে রাজনীতি থেকে আপাত বিশ্রামের ঘোষণা দেন রাইডু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ তথ্য জানান তিনি।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে অবসরে যান রাউডু। ভারতের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
