চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলীতে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে সংঘর্ষের সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব। তার ব্যবহৃত সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সীতাকুণ্ড থেকে তাকে আটক করা হয়। র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার ভোটের দিন সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পের সামনে এক যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই যুবককে শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম হিসেবে চিহ্নিত করা হয়। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামে দুজন গুলিবিদ্ধ হন।
খোঁজ নিয়ে জানা যায়, শামীম নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের কর্মী পরিচয়ে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের সঙ্গে যুক্ত। অনেকেই তাকে ব্ল্যাক শামীম নামে চেনেন। তার নামে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। ঘটনার পর থেকে ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিমের সঙ্গে শামীমের বিভিন্ন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওয়াসিম এমইএস কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি এবং নগর যুবলীগের সহসভাপতি।
