দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন সংসদীয় এলাকা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দলটি থেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ চলছেই। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে বরুণ ঘোষ (৪২) নামে নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হামদহ ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরুণ হামদহ ঘোষপাড়া এলাকার মৃত নরেন ঘোষের ছেলে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর বাড়ির পাশের দোকানে চা খেতে বের হন বরুণ। সে সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে এলাকাবাসী উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই অরুণ কুমার বলেন, ‘আমার ছোট ভাই বরুণ বাড়ি থেকে চা খাওয়ার জন্য রাস্তার ওপর পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী তাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলে। আমরা নৌকার ভোট করার কারণে আমার ভাইকে কয়েক দিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল।’
ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার অভিযোগ করে বলেন, ‘ঝিনাইদহ জুড়ে চলছে সংখ্যালঘু নিধন। শুধু নৌকার পক্ষ ভোটে কাজ করার কারণে বরুণকে হত্যা করা হলো। এ হত্যার সঙ্গে জড়িতদের দূষ্টান্তমূলক শাস্তির দাবি জানচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।’
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, বরুণ হত্যার মূল কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন পরিষদ সদস্য ও ছাত্রলীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন। এ সময় তিন-চারটি বসতঘর ভাঙচুর করা হয়। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গাবুরা ইউনিয়নের পূর্ব চাঁদনীমুখা গ্রামে সাবেক ইউপি সদস্য মাস্টার আবদুর রহিম ও গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এসএম আতাউল হক দোলন বেসরকারিভাবে নির্বাচিত হলে গত সোমবার তাকে শুভেচ্ছা জানাতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম মিজানুর রহমান শ্যামনগরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে যান। তাকে তখন রহিম মাস্টারের সমর্থকরা নৌকা প্রতীকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে গালাগাল করেন। মিজান প্রতিবাদ করলে হামলার শিকার হন। তাকে মারধরের ঘটনায় সোমবার সন্ধ্যায় ও রাতে তার গ্রামে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা রহিম মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও কয়েকজনকে আহত করে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচকে উপজেলা আওয়ামী লীগের সভাপতিরসহ চারটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। সোমবার রাতে নৌকা প্রতীকের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মেহেরপুরে নির্বাচনের ১৯ মিনিটে ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগে তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের দুবারের সাবেক এমপি অধ্যাপক আবদুল মান্নান। গতকাল দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র ১৯ মিনিটের মধ্যেই কীভাবে ফলাফল ঘোষণা করা হয় তা জানতে চাই। তাহলে কি নির্বাচনের ফলাফল আগে থেকেই নৌকা নির্ধারণ করা ছিল?’ এ ছাড়া ভোটগ্রহণের পর মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের বিভিন্ন গ্রামে নৌকার সমর্থকরা তার সমর্থকদের মারধরসহ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করছে বলে অভিযোগ করেন আবদুল মান্নান।
খুলনায় দুটি সংসদীয় আসনে (খুলনা-৪ ও ৫) নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটছে। নৌকার কর্মী-সমর্থকরা পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও নির্বাচনী এজেন্টদের মারধর, ব্যবসা-প্রতিষ্ঠান-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। গতকাল খুলনা প্রেস ক্লাবে আয়োজিত পৃথক দুটি সংবাদ সম্মেলনে খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন এবং খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা এসএম মোর্ত্তজা রশিদী এমন অভিযোগ করেন। নির্বাচন-পরবর্তী এ সহিংসতার জন্য বিজয়ী প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ও সালাম মুর্শেদীকে দায়ী করেন তারা।
নিজস্ব প্রতিবেদক, খুলনা এবং সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি
