কলম্বোতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা দুর্দান্ত বোলিংয়ে (৭/১৯) জিম্বাবুয়ে অলআউট হয় ৯৬ রানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি শ্রীলঙ্কা জেতে ৮ উইকেটে। তাতে সিরিজও ২-০ তে জিতে নেয় স্বাগতিকরা।
ইনজুরির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। আজ মাঠে ফিরেই হাসারাঙ্গা ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ বা তার বেশি উইকেট নিলেন এই লেগ স্পিনার। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ওয়ানডে ইতিহাসে এটি পঞ্চম সেরা বোলিং। শ্রীলঙ্কানদের মধ্যে অবশ্য দ্বিতীয়সেরা। সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাস ১৯ রানে নিয়েছিলেন ৮ উইকেট। সেটি ২০০১ সালে, জিম্বাবুয়ের বিপক্ষেই।
কলম্বোতে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। জিম্বাবুয়ে অলআউট হয় ২২ ওভার ৫ বলে। সর্বোচ্চ ২৯ রান করেন জয়লর্ড গাম্বি। জবাব দিতে নেমে ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা। অধিনায়ক কুশাল মেন্ডিস ৫১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। কুশাল মেন্ডিসের এটি ২৭তম ওয়ানডে ফিফটি।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পন্ড হয়েছিল। দ্বিতীয়টি শ্রীলঙ্কা জিতেছিল ২ উইকেটে।
