সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের অভিনন্দন পেয়েছে নতুন সরকার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত নবনির্বাচিত সরকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ সব রাষ্ট্রদূতের অভিনন্দন পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নবগঠিত মন্ত্রীসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘দেখুন, গতকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত,যুক্তরাজ্যের হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূতরা ছিলেন। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিলেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে কাগজে দেখলাম, বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে। বিএনপি নিজেরাই এই তালা লাগিয়েছিল। ৭৫ দিন ধরে কেউ যায়নি। চাবি ইচ্ছে করে হারিয়ে ফেলেছে বা চাবি আছে, এরপরও এভাবে তালা ভাঙার একটা নাটক করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা করছে।’

পরিবেশ ও বন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হাছান মাহমুদ। নতুন দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে যে পরিতৃপ্তি আছে, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিল। আমি আপনাদের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি। প্রধানমন্ত্রী আমাকে আস্থায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব, পূর্ব-পশ্চিম সবার সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাব।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে সুসম্পর্ক এবং সেই নীতি নিয়েই আমরা সবার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত