শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এ ছাড়া স্কটিশ পার্লামেন্টের সদস্য, ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশন, সার্ক ও ইতালি-বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা সংস্থা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

গতকাল শনিবার ঢাকায় রাশিয়ার দূতাবাস সূত্রে বলা হয়, রুশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশনের সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকারপ্রধানের পদে নিয়োগ লাভ করায় আপনাকে (শেখ হাসিনা) অভিনন্দন জানাচ্ছি।’

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় অব্যাহতভাবে বিকশিত হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় যৌথ কার্যক্রম বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সহায়ক হবে। এটি সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পূরণ করবে।’

শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুস্থতা ও দায়িত্বশীল কর্মকা-ে সাফল্য কামনা করেন মিশুস্তিন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো পৃথক শুভেচ্ছাবার্তায় লোথিয়ান অঞ্চলের স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ফয়সল চৌধুরী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের চেয়ারম্যান মিখাইল মায়াসনিকোভিচ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নির্বাচনে আপনার দৃঢ় বিজয় প্রজাতন্ত্রের জনগণের পুরনো সমর্থনের সুস্পষ্ট প্রমাণ।’

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার এক অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘পঞ্চমবারের জন্য আপনার এই পুনঃনিযুক্তি বাংলাদেশের জনগণের দ্বারা আপনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের বড় প্রমাণ।’

ইতালি-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্কো লাকাররা, ভাইস প্রেসিডেন্ট মারিও মরগোনি এবং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ডমেনিকো পালমিরি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত