কেউ আমাদের থামাতে পারবে না: নেতানিয়াহু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৯ পিএম

হামাসকে নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে কেউ আমাদের থামাতে পারবে না।’   

রবিবার (১৪ জানুয়ারি) গাজা যুদ্ধের শততম দিন উপলক্ষে নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না অশুভ অক্ষশক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাবো।’

বার্তাসংস্থা এএফপি বলছে, জাতিসংঘের শীর্ষ আদালত বলে পরিচিত দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা একটি মামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু এসব কথা বলেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের আক্রমণ জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।এছাড়া মধ্যপ্রাচ্যের চারপাশে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটকে ‘প্রতিরোধের অক্ষ শক্তি’ বলে ডাকা হয়।

নেতানিয়াহু আরো বলেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইতিমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে। আর উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তারা এখনি সেখানে ফিরতে পারবে না।

কারন হিসেবে তিনি বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপদজনক কারনে যখন কোন জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়, যতক্ষণ সে পরিস্থিতি থাকবে ততক্ষণ তাদের ফিরতে দেওয়া হবে না। নেতানিয়াহু বলেন, বিপদজনক পরিস্থিতি সেখানে, কারণ যুদ্ধ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত