জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বিচিত্রা তির্কী। গত শনিবার (১৩ জানুয়ারি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারকোনা গ্রামে অনুষ্ঠিত এক সভায় তাকে নির্বাচিত করা হয়।
বিচিত্রা তির্কীর আগে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ সরেন। তিনি গত শুক্রবার রাত ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে মারা যান।
তার মৃত্যুর পর জরুরি সভায় বসে জাতীয় আদিবাসী পরিষদ। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সহসভাপতি বিচিত্রা তির্কী পরবর্তী সময়ের জন্য কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো।
