প্রথম মন্ত্রিসভা বৈঠক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে আগামী রোজার মাসে দ্রব্যমূল্য ও রোজাসংশ্লিষ্ট পণ্যের সরবরাহ পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, সেই নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আজকের বৈঠকে একটি মাত্র এজেন্ডা ছিল। সেটা হচ্ছে সামনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। নিয়মানুযায়ী সেই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হয়। আজকে সেই অনুমোদন হয়েছে।’

মাহবুব হোসেন বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছে, সে অনুযায়ী সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন যেন কোনো অবস্থায় ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে বলেছেন। কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরি করার নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। যে মন্ত্রণালয়ের যে অংশ এসব স্তম্ভের সঙ্গে জড়িত, তাদের সেই অনুযায়ী গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলেছেন। তিনি বলেছেন, নতুন প্রকল্প নেওয়ার আগে সেটা কীভাবে জনগণের কল্যাণে লাগবে সেটা ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন প্রধানমন্ত্রী। সরকারি ক্রয়ের ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতার কথা বলেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলো যেন প্রকৃত মানুষরা পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী যেসব প্রকল্প শেষ পর্যায়ে, সেগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। যুবসমাজের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টির দিকে নজর দেওয়ার কথা বলেছেন। অগ্নিসন্ত্রাস ও নাশকতাকে সমন্বিতভাবে মোকাবিলা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নারী উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণে ও নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি বাড়ানোর জন্য চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত এবং কৃষিজাত পণ্যকে অগ্রাধিকার দেওয়া এবং এগুলোকে প্রয়োজনে পোশাক খাতের মতো সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

 

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল সকালে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে শেখ হাসিনা যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত, শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে তিন বাহিনীর প্রধানরা তাকে অভ্যর্থনা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত