রাজবাড়ীতে প্যানেল মেয়রকে হাতুড়ি পেটা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম

রাজবাড়ীর পাংশা পৌরসভার প্যানেল মেয়র অদুদ সরদার অতুরকে হাতুড়ি পেটা করেছে পাঁচ যুবক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
  
অদুদ সরদার অতুর পাংশা পৌরসভার মৈশালা গ্রামের বাসিন্দা। তিনি পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, আজ সকালে বাড়ির পাশে তিনি হাঁটতে বের হয়েছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার গতি রোধ করে অতর্কিত হামলা চালায় পাঁচ যুবক। এ সময় অভিযুক্তরা তাকে হাতুরি পেটা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িত তিনজনকে তিনি চিনতে পেরেছেন। তারা হলেন- আল আমিন, কালু ও উজ্জ্বল। তারা এলাকায় বিভিন্ন চাঁদাবাজির সঙ্গে জড়িত। হামলার পরে তিনি বিষয়টি পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছেন। ঘটনার পর তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান বলেন, আহত অবস্থায় তিনি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, হামলার খবর শোনার পরেই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত