সাভারে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই রিকশাচালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে সাভারের দক্ষিণ জামসিং সোলাইমান মার্কেট এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী রিকশাচালকের নাম আব্দুল করিম (৫৩)। তিনি ময়মনসিংহ জেলার গাজীপুরের পায়রা গ্রামের ওসমান আলীর ছেলে। আব্দুল করিম সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের আরাপাড়া বিনোদবাইদ এলাকার আব্দুস সালাম রুবেলের বাড়িতে ভাড়া থেকে ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
রিকশাচালক আব্দুল করিম জানান, সাভারের ছায়াবীথি এলাকা থেকে একজন ছিনতাইকারী যাত্রীবেশে আমার রিকশায় উঠে জামসিং সোলাইমান মার্কেট যেতে চান। আমি তাকে সোলাইমান মার্কেট নিয়ে গেলে সেখানে থেকে আরেকটু সামনে নিয়ে যেতে বলেন। আমি আরেকটু সামনে যেতেই সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও দুই ছিনতাইকারী রাম দা ও চাপাতি দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করে। এ সময় রিকশায় থাকা যাত্রী পেছন থেকে আমার মুখ চেপে ধরে। আমি রাম দা আমার বাম হাত দিয়ে ধরে ফেলি। এ সময় তাদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এরই ফাঁকে একজন অটোরিকশা নিয়ে চলে যায়। বাকি দুই জন আমাকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডাক্তার ফায়াদ বিন জসিম বলেন, ভুক্তভোগীর মাথায় ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। রোগীর চিকিৎসা চলছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আকবর আলী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
