দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমাদের বুকে বল আছে। সেই বল দিয়ে স্বৈরাচার সরকারের সকল অস্ত্র, গুলিকে আন্দোলনের মাধ্যমে পরাভূত করব।
আজ বৃহস্পতিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করে দলটি। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র দিয়েছিলেন সেটি আজ মৃত। ২৫ মার্চ রাতে যখন বাংলাদেশের ৭ কোটি মানুষের ওপর পাকিস্থানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে তখন জিয়াউর রহমান এই হানাদার বাহিনীর হামলার প্রতিরোধ করেছিলেন। সেদিন তো বর্তমান সরকারের কোনো ব্যক্তি প্রতিবাদ ও প্রতিরোধ করেননি। তারা তো পালিয়ে গিয়েছিলেন পার্শ্ববর্তী দেশে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রত্যেককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতে হবে, তবেই আমাদের মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে পারব। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়। এ জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। একজন স্বৈরাচার সরকারের সকল অস্ত্র, গুলিকে আন্দোলন করে পরাভূত করব, আমাদের বুকে বল আছে।
আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে নেমেছি উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষকে আমরা বলেছি ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া জন্য রাজনীতি করি। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপি ভদ্র মানুষের দল। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র মানুষদের নিয়ে এ দেশের সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শত অত্যাচারের মধ্যে যারা এখনো আছেন তারাই জিয়ার আদর্শের সৈনিক। তাদের কেউ থামাতে পারেনি। জিয়াউর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীনতা পেত না। নারী, শিশু অধিকার নিয়ে মাত্র ৩ বছরের মধ্যে তিনি অন্যতরে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। একটা তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশকে খাদ্যে স্বয়ংপূর্ণ করেছিলেন। এই সরকার জিয়া পরিবারকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়। কোনোভাবেই আমাদের ভাঙতে পারেনি। পারবেও না। এই সরকার ভুয়া। এ পার্লামেন্টে সাড়ে ৬ শর বেশি সংসদ সদস্য। তাহলে ভাবেন, কোথায় আমাদের স্বাধীনতা, কোথায় আমাদের মুক্তি?
আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, জয়নুল আবেদীন ফারুক, তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মৎস্যজীবী দলের নেতা আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, ভিপি সেলিম, নাজমুল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ।
ঢাকার তীব্র যানজটে বিরক্ত নায়ক সিয়াম
বাংলাদেশে আরও গম রপ্তানি করতে চায় রাশিয়া