৪২-এর অ্যান্ডারসন এবার বদলে ফেললেন রান-আপ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ এএম

ক্যারিয়ারের ২০ বছরের বেশি সময় পার করা জেমস অ্যান্ডারসনের বয়সটা ৪২ ছুঁই ছুঁই। ১৮৩টি টেস্ট খেলে ঝুলিতে পুড়েছেন ৬৯০ উইকেট। ক্রিকেট অধ্যায়টা আরও বিস্তৃত করতে চান এই ইংলিশ পেসার। আর তাই অ্যান্ডারসন এবার বদলে ফেলেছেন নিজের রানআপই!

সর্বশেষ অ্যাশেজটা অ্যান্ডারসনের কেটেছে একেবারেই সাদামাটা, ৪ ম্যাচে মাত্র ৫ উইকেট। এরপর বিরতি নিয়েছিলেন, সেখান থেকে ফিরেই কাজ করেছেন রানআপ নিয়ে। সেটি করতে তিনি ব্যবহার করেছেন ম্যানচেস্টার সিটির এমিরেটস স্টেডিয়ামের পাশের একটি ট্র্যাক। যেখানে সাড়ে ৪ পাউন্ড ফি দিয়ে দৌড়াতে পারেন যে কেউ।

ইংলিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেছেন, কেন ক্যারিয়ারের এ পর্যায়ে এসে রানআপ বদলানোর কথা ভাবলেন তিনি, ‘আমার রানআপই মূল ব্যাপার, এটিকে আরেকটু ভালো করার চেষ্টাই করছি। যেটি ঠিক ছিল না, আমার রানআপের গতি। অনেক বছর ধরেই ক্রিজে গিয়ে যে দ্রুতগতিতে ঝাঁকি মারতাম, সেটির ওপর নির্ভর করতে পারছিলাম না। ফলে রানআপে নিজের মোমেন্টাম নিয়ে কাজ করে গতি বাড়ানোর চেষ্টা করছি। মনে হচ্ছে কাজে দিচ্ছে ভালোভাবেই, বল ভালোভাবে আসছে। এখন মাঠে এর প্রয়োগ করতে হবে।’

এত লম্বা ক্যারিয়ারে নিজের অনুশীলনের প্রক্রিয়াটাও আরেকবার ব্যাখ্যা করেছেন টেস্ট ইতিহাসে সফলতম পেসার, ‘অনুশীলনে অদল–বদল আমার কাজে দিয়েছে ভালোভাবেই। একই জিনিস বারবার যেন না করি, সেটি নিশ্চিত করেছি। যেমন দৌড়ানোর কৌশল ও গতি নিয়ে আমাকে আসলে অন্যদের তুলনায় একটু বেশি কাজ করতে হয়, যে বয়সে এসে পৌঁছেছি। আমাকে আসলে সব ক্ষেত্রেই প্রস্তুত হয়ে যেতে হবে ভারতে ভালো একটা ছন্দ নিয়ে যেতে।’

এ মাসের শেষে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ অ্যান্ডারসনের ক্যারিয়ারে হয়ে আসছে নতুন চ্যালেঞ্জ হয়েই। তবে অ্যান্ডারসন প্রস্তুত, ‘অ্যাশেজের দিকে খোলা মনে ফিরে দেখার চেষ্টা করেছি। বাজে বোলিং করেছি বলে মনে হয়নি, তবে একই সঙ্গে এটাও বলতে হবে—হুমকিও তৈরি করতে পারিনি সেভাবে।’

কেন এমন—সেটিও ব্যাখ্যা করেছেন তিনি, ‘বল সুইং করেনি। পিচগুলোও ঠিক আমার জন্য উপযুক্ত ছিল না। তবে কন্ডিশন যেখানে পক্ষে নেই, সেখানে অতীত থেকেই উইকেট নেওয়ার মূল্য আমার কাছে অনেক। ভারত এমন একটা জায়গা, যেখানে কন্ডিশন পেসারদের পক্ষে থাকবে না। কিন্তু সেখানে আগেও গিয়েছি, সফলও হয়েছি। ফলে সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থানে যেতে চাচ্ছি, যাতে ছন্দে থাকতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত