আল হিলালের চলতি খেলোয়াড় তালিকা থেকে নেইমারকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ইনজুরি থেকে সেড়ে উঠে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না নেইমার। এছাড়া অলিম্পিক মার্সেই থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোডিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। তাকে সুযোগ করে দিতেই এমন ভাবনা আল হিলালের।
অবশ্য এর আগে গুঞ্জন উঠেছিল দল থেকেই বাদ দেওয়া হচ্ছে নেইমারকে। তবে ফ্যাব্রিজিও রোমানো সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দল বদল বিষয়ক যেকোনো তথ্যের জন্য এ ইতালিয়ান সাংবাদিককে বিশ্বস্ত সূত্র হিসেবে মেনে নেওয়া হয়। রোমানো জানান, ‘দলের বিদেশি খেলোয়াড় তালিকায় জায়গা ফাঁকা করতেই নেইমারকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে আল হিলাল।’
পুনর্বাসনে থাকা নেইমার খুব শিগগিরই মাঠে ফিরতে পারবেন না। এমনকি খেলতে পারবেন না যুক্তরাষ্ট্রে জুন থেকে হতে যাওয়া কোপা আমেরিকাতেও। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর এই ইনজুরিতে পড়েন নেইমার। এর আগে আল হিলালের পর্তুগীজ কোচ হোর্হে জেসুস নেইমারের পেশাদারীত্ব নিয়ে সংবাদ সম্মেলনে বিষেদাগার করেছিলেন।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করে তিনি বলেছিলেন, ‘ক্রিশ্চিয়ানোর ফুটবলের প্রতি আবেগ সবচেয়ে বেশি বলেই তিনি খেলাটিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারেন। নেইমারের সেটি নেই। ফুটবলের চেয়ে ব্যক্তিগত জীবন তার কাছে বেশি প্রাধান্য পায়।’ পুনর্বাসনে থাকা নেইমারকে বিভিন্ন পার্টি ও ক্রুজ শিপে সমুদ্র যাত্রায় দেখার পর এই মন্তব্য করেছিলেন ফ্ল্যামেঙ্গোর হয়ে লিবার্তাদোরেস জেতা এই বর্ষীয়ান কোচ।
