বিয়েবাড়ির ‘দই’ খেয়ে হাসপাতালে শিশুসহ ২৮ জন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:০৮ এএম

দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়েছিলেন তারা। সন্ধ্যার পর থেকে শুরু হয় বমি এবং পাতলা পায়খানা। শেষ পর্যন্ত বিয়েবাড়ির খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হলো নয় শিশুসহ ২৮ জন। তাদের মধ্যে ২৫ জন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

শুক্রবার (১৯ জানুয়ারী) রাত ৯টার পর তাদের হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, এদিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের চর মান্দারী গ্রামের তফাদার বাড়ির মেয়ে তারিন আক্তারের বিয়ে হয়। বর মো. মানিক কেরোয়া ইউনিয়নের পাটওয়ারী বাড়ির ছেলে। অসুস্থরা বরযাত্রী হয়ে বিয়েতে গিয়েছিলেন।

অভিযোগ উঠেছে, এদিন বিয়েবাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন শতাধিক ব্যক্তি। অন্যরা ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন। তবে কোন ধরনের খাদ্যে বিষক্রিয়া ছিল তা জানাতে পারেননি এ চিকিৎসক। অসুস্থদের ধারণা, বিয়েবাড়ির দই খেয়েই তাদের শরীর খারাপ হয়েছে।

ডা. বাহারুল আলম বলেন, আমাদের হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কোন ধরনের খাবারে বিষক্রিয়া হয়েছে, তা নিশ্চিত নই। ল্যাবেটরিতে নমুনা পাঠালে নিশ্চিত হওয়া যাবে।

রায়পুর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- তছলিম উদ্দিন পাটওয়ারী (৭০), সোহাগ (২৪), রাব্বি হাছান (৪), ফাইজা (৩), আয়েশা (২৫), শাহ আলম (৬০), তানজিনা (২০), তাজনিন (৪), আনাস (২), নাজিফা (৬), নাছিমা (১), নুসরাত জাহান (১৫), শিউলী আক্তার (৪৫), আহাদ ইসলাম (১), সুলতানা রাজিয়া (২৮), ছাদিয়া (১২), ফাতেমা (৩৫), ভুট্টো পাটওয়ারী (৫৬), নুরজাহান (৫৫), রায়হান (১৬), তাসলিমা আক্তার (৩৫), রুবি (২৮), আনোয়ার (৫০), আফরোজা (২৪) ও আলিফা (৭)।

এদিকে বর মো. মানিকের বড় ভাই মাসুম পাটওয়ারী বলেন, আমরা প্রায় ২০০ অতিথি নিয়ে কনের বাড়িতে দুপুরের খাবার খাই। বিকেলে চলে আসি। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়িতে শনিবার দুপুরের বৌভাত বাতিল করা হয়েছে।

কনের মামা আজহার ভূঁইয়া বলেন, প্রায় ৩০০ অতিথি খাবার খেয়েছেন। তাদের মধ্যে শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেককে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেওয়া হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন। তবে একই খাবার খেয়েও অনেকে সুস্থ রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত