দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আমি বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতাল ভিজিট করব। কীভাবে প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পেতে পারে সে ব্যবস্থা করব। তবে এগুলো একা আমার পক্ষে করা সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন।’
গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন ও পূজার্চনা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় নারায়ণগঞ্জসহ সারা দেশের সব হাসপাতালে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা জীবন অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনো আছি। স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না। চিকিৎসকের অবহেলায় কোনো রোগীর মৃত্যুর অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীদের স্বজনদেরও মাথায় রাখতে হবে, হাসপাতালে এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো, সেটিও খেয়াল রাখতে হবে।’
সামন্ত লাল সেন বলেন, ‘আমি দীর্ঘদিন চিকিৎসক হিসেবে কাজ করছি। অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কেমন আমি জানি। জেলা-উপজেলার হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধি করলে শহরে রোগীদের চাপ অনেকটাই কমে যাবে। একজন নারীকে কেন সিজারিয়ানের জন্য ঢাকায় যেতে হবে?’
তিনি আরও বলেন, ‘দেশে অনেক ক্লিনিক আছে, যাদের লাইসেন্স নেই, অনুমতি নেই, ক্লিনিকের মতো অবকাঠামো নেই, সেগুলোকে বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক দিনে এগুলো করা সম্ভব নয়। আপনারা আমাকে সাহায্য করেন। আমি কিন্তু পাঁচ বেড থেকে বার্নে পাঁচশ বেড করেছি, সুতরাং আমি আশা করি আমি পারব। আমার ওপর প্রধানমন্ত্রীর যে আস্থা সেটার জন্য আমি কৃতজ্ঞ।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মন্দিরের বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করেন।
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার, রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাব্বির হোসেন, রূপায়ণ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কবির, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আহ্বায়ক সাবেক সচিব অশোক মাধব রায়, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, আশ্রমের সদস্য সচিব শংকর কুমার দে প্রমুখ।
