লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভুট্টাক্ষেত থেকে গত শুক্রবার দুপুরে অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধারের পর বিচ্ছিন্ন মাথাটি গতকাল শনিবার দালালপাড়া গ্রামের একটি ডোবা থেকে পুলিশ উদ্ধার করেছে। মরদেহের পরিচয়ও পাওয়া গেছে। একই সঙ্গে একটি ছুরি, মোবাইল ফোন ও একটি জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও র্যাব।
উদ্ধার হওয়া মরদেহটি হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ডাঙ্গাটারি গ্রামের আবদুস ছাত্তারের ছেলে মানিকুল ইসলামের (২৫)। মানিকুল পেশায় ভ্যানচালক ছিলেন। গত শুক্রবার রাতে সিআইডির একটি দল প্রথমে মানিকুলের পরিচয় নিশ্চিত হয়। গত শুক্রবার দুপুরে উপজেলার রমণীগঞ্জ গ্রামের ভুট্টাক্ষেত থেকে পুলিশ মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে।
