ডমিনিকায় সপ্তাহে চার কর্মদিবস

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ পিএম

যুক্তরাজ্যের মতো ক্যারিবীয় দ্বীপদেশ ডমিনিকান প্রজাতন্ত্রে সপ্তাহে চারটি কর্মদিবস শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে আগামী ফেব্রুয়ারি থেকে সপ্তাহে চার দিন অফিস চালু করা হচ্ছে দেশটিতে। দেশটিতে নিয়ম হতে যাচ্ছে, চার দিন অফিস করলে কর্মীদের বেতন কর্তন করা যাবে না। এর আগে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে পাঁচ দিনের পরিবর্তে চার দিন অফিস চালু হয়। যুক্তরাজ্যে চার দিন অফিস চালুর পর একটি জরিপ চালানো হয়। এতে দেখা যায়, সেখানে ফলাফল বেশ ইতিবাচক।

যুক্তরাজ্যের মতো নিজ দেশের পরীক্ষামূলক প্রক্রিয়ার সম্ভাব্য প্রভাব নিয়ে ডমিনিকার শ্রমমন্ত্রী লুইস মিগুযয়েল দ্য ক্যাম্পস বলেন, ‘এ প্রকল্প কর্মীদের অগ্রাধিকার দিয়ে থাকে। বিশেষ করে তাদের স্বাস্থ্যগত বিষয় এবং শারীরিক সুস্থতার উন্নতির দিকে নজর রাখে। সেইসঙ্গে একটি টেকসই উৎপাদনশীলতা তৈরি করে।’ ডমিনিকান প্রজাতন্ত্রে আগামী মাস থেকে পরের ছয় মাস চলবে এ কার্যক্রম। অর্থাৎ বর্তমানে ৪৪ ঘণ্টার কর্মঘণ্টা নেমে আসবে ৩৬ ঘণ্টায়। প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে। এতে ডমিনিকা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পরীক্ষামূলকভাবে চালু করা প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পর এর ফল বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মূল্যায়নের দায়িত্ব পড়েছে একটি বিশ্ববিদ্যালয়ের ওপর। স্থানীয় ওই বিশ্ববিদ্যালয় কর্মীদের স্বাস্থ্যগত পরিবর্তন, কাজ ও ব্যক্তিগত জীবনের ওপর কর্মঘণ্টা হ্রাসের প্রভাব পর্যালোচনা করবে।

করোনা ভাইরাস মহামারীর পর বিশ্বে কর্মঘণ্টা কমিয়ে আনার আলোচনায় গতি পায়। এ পদ্ধতি কার্যকর করতে পরীক্ষামূলক উদ্যোগ কয়েকটি দেশে প্রচলিত। গত বছর যুক্তরাজ্যে চালু হয় এ সংক্রান্ত পাইলট প্রকল্প। দেশটিতে ৬০টিরও বেশি প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশ নিয়ে ইতিবাচক পরিবর্তন দেখাতে সক্ষম হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টি চার দিনের সাপ্তাহিক কর্মের পরিধির নিয়ম স্থায়ীভাবে কার্যকর করেছে। বাকিগুলো পর্যবেক্ষণের মেয়াদ আরও বাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত