গ্র্যান্ড স্ল্যামে দুটি শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুটিই অস্ট্রেলিয়ান ওপেনে, ২০১২ ও ২০১৩ সালে। আজারেঙ্কা আজ ইউক্রেনের অবাছাই খেলোয়াড় দিয়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে হেরে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।
রড লেভার অ্যারেনায় বেলারুশ তারকা আজারেঙ্কার বিপক্ষে ইয়াস্ত্রেমস্কার জয়টি ৭-৬ (৮ /৬), ৬-৪ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে ওঠা ইউক্রেনিয়ান খেলোয়াড় সেমিফাইনালে যাওয়ার জন্য খেলবেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোসকোভার বিপক্ষে।
আরেক ইউক্রেনিয়ান এলিনা সভিতোলিনাকে হারিয়ে শেষ আটে উঠেছেন নোসকোভা। চোটের কারণে প্রথম সেটে ৩-০ তে পিছিয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষকে ওয়াকওভার দেন সভিতোলিনা।
