রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম

রংপুর বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে ঠাণ্ডা বাতাস। বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এ কারণে বিভাগের ৮ জেলার সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম। 

তিনি বলেন, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রংপুর জেলায় সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বিভাগে আগামী দু’একদিন পর্যন্ত তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। 

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধের ঘোষণা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষাকার্যক্রম চালু ছিল। পরে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দেওয়া হয়।

গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত