মেঘনায় পণ্যবাহী ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

ভোলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন দুজন।

রবিবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন ট্রলার মালিক রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরদার (৩০)।

আজ সোমবার সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোলার মনপুরা উপজেলা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে পরে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ ব্যক্তিকে পাশে থাকা জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন। 

বিদ্যুৎ কুমার আরও জানান, সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত