পাল্টাপাল্টি হামলার পর ‘দ্রুততম’ মিত্রতা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম

ইরান ও পাকিস্তানের মধ্যকার আচমকা ও রক্তক্ষয়ী উত্তেজনার পর দুই দেশের সম্পর্কে শীতলতা তৈরি হতে দেরি হলো না। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ২৯ জানুয়ারি পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে গতকাল বলা হয়, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। দুপক্ষের তরফে একমত হওয়া গেছে যে, আগামী ২৬ জানুয়ারির মধ্যে নিজ নিজ দেশের দূতরা স্ব স্ব পদে ফিরে যাবেন।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস  গিলানি জানান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান আগামী ২৯ জানুয়ারি পাকিস্তান সফর করবেন। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইরানি প্রতিপক্ষকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গত সপ্তাহে হঠ্যাৎ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আকাশ হামলা চালিয়ে দুই শিশুকে হত্যা করে ইরান। তেহরান দাবি করেছিল, তারা ইরানে বালুচ জনগোষ্ঠী অধ্যুষিত সিস্তান-বালুচিস্তান প্রদেশের সুন্নি মতাবলম্বী ‘সন্ত্রাসী গোষ্ঠী’ জইশ আল-আদলকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ বালুচিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তানে হামলা চালিয়ে নয়জনকে হত্যা করে। পাকিস্তান দাবি করে, এই হামলার মাধ্যমে তারা বালুচ বিচ্ছিন্নতাবাদীদের ওপর আক্রমণ চালিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মুর্তাজা সোলাঙ্গি ইরান-পাকিস্তান উত্তেজনা প্রশমনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে কৃতিত্ব দেন। এ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সব কৃতিত্বের দাবিদার যিনি তার দূরদর্শী যোগাযোগ সক্ষমতা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই কাজ করেছেন যা সম্ভবত কূটনীতির ইতিহাসে উত্তেজনা পরিহারের অন্যতম দ্রুত পদক্ষেপ।’    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত