দুই বিদেশির ব্যাটে সিলেট ১২০

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

টপ অর্ডাররা ব্যর্থ হয়েছেন। মিডল অর্ডারে বেন কাটিং ও বেনি হাওয়েল ধরলেন হাল। তাতে মান রক্ষার পুঁজি পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। সাকিববিহীন রংপুর রাইডার্সের বিপক্ষে মাশরাফী বিন মোর্ত্তজা বাহিনী করেছে ১২০ রান।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় দলটি। শেখ মেহেদীর বলে স্টাম্পিংয়ের শিকার হন তিন বলে পাঁচ রান করা এই উইকেটরক্ষক। এ দিন তিন নম্বরে নামেন মাশরাফি। শেখ মেহেদীর দ্বিতীয় ওভারে একটি চারও হাঁকান তিনি।

যদিও এর পরের বলেই তাকে রানআউটের ফাঁদে ফেলে রংপুর। সহজ সিঙ্গেল নিতে গিয়ে মেহেদীর কাছেই রানআউটের শিকার হন মাশরাফি। সাত বলে ছয় রান করেন তিনি। পাওয়ার প্লে'র শেষ ওভারে ইয়াসির আলী চৌধুরী রাব্বিকেও ফেরান মেহেদী। এই অফস্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন তিনি।

রাব্বির ক্যাচ লুফে নিতে ভুল হয়নি মোহাম্মদ নবির। ছয় বলে নয় রানে ফিরে যান রাব্বি। সপ্তম ওভারে জাকির হাসানের উইকেটও হারায় দলটি। চার বলে এক রান করে নবির বলে স্টাম্পিংয়ের শিকার হন জাকির। মাত্র ৩৬ রানে চার উইকেট হারানোর পর ৩৯ রানে নিজেদের পঞ্চম উইকেট হারায় সিলেট।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্তও। ২৪ বলে ১৪ রান করা শান্তর উইকেটটি নেন হাসান মুরাদ। মুরাদকে কাট করতে গিয়ে রিপন মন্ডলের তালুবন্দি হন শান্ত। তারপর ৬৮ রানের জুটি গড়েন সিলেটের দুই বিদেশি রিক্রুট বেনি হাওয়েল এবং বেন কাটিং। এই জুটিতে ম্যাচে ফেরে দলটি। ১৮তম ওভারে এই জুটি ভাঙেন রিপন। তাকে ডিপ কভারে উড়িয়ে মারতে গিয়ে রনি তালুকদারের তালুবন্দি হন কাটিং।

এই অস্ট্রেলিয়ানের ব্যাটে আসে ৩১ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রানের ইনিংস। রিপনের করা ইনিংসের শেষ ওভারে ফেরার আগে ৩৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৩ রান করেন হাওয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত