আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে দেশের ‘সবচেয়ে দুর্নীতিবাজ’ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার হিমন্ত পাল্টা রাহুলের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল রাজ্যটির রাজধানী শহর গোয়াহাটি শহরের কাছে পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাকর্মীদের সংঘর্ষের পর হিমন্ত ওই হুঁশিয়ারি দেন।
রাহুল গান্ধী বর্তমানে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে উত্তর-পূর্বের আসাম রাজ্য পরিভ্রমণ করছেন। যাত্রা কর্মসূচি গোয়াহাটি ঢুকতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। এতে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতাকর্মীরা। দুই পক্ষের ধাক্কাধাক্কির মধ্যে নেতাকর্মীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলেন।
পরে শহরতলিতে কর্মী-সমর্থকদের বাহবা দেন রাহুল। এ সময় রাহুল বলেন, ‘আমরা ব্যারিকেড ভেঙেছি। কোনো আইন ভাঙিনি।’ এরপর হিমন্ত বলেন, ‘রাহুল এবং কংগ্রেস কর্মীরা উগ্র আচরণ করেছেন। নকশালবাদী কৌশল ব্যবহার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান, তিনি আসামের পুলিশ কর্মকর্তাদের প্রতি রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
