টঙ্গীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:৪২ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার নাম আতিকুর রহমান (৪০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে আতিকুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা। দুর্ঘটনার পর থেকে রাত ১০টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। ভাঙচুর করা হয় কয়েকটি যাত্রীবাহী বাসও। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

নিহত আতিকুর রহমান গাইবান্ধা সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। শারীরিক প্রতিবন্ধী আতিকুর গাজীপুরা এলাকার ইস্টার্ন টেক্সটাইল কারখানায় কাজ করতেন।

নিহতের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানায় কাজ শেষে সন্ধ্যায় গাজীপুরা এলাকার বাসায় ফিরছিলেন আতিকুর। কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত