১২ মার্কিন সিনেটরের চিঠি

ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:১৫ এএম

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতভাবে হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ সিনেটর। গত সোমবার ২২ জানুয়ারি দেওয়া চিঠিতে এই সিনেটররা যৌথভাবে প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান জানিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীদের অন্যতম ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সিনেটর ডিক ডারবিনের অফিশিয়াল ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। এই চিঠিতে একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করার জন্য বিস্তৃতভাবে আইন ও বিচার ব্যবস্থার যে লঙ্ঘন করা হচ্ছে সেটা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ড. ইউনূসের বিরুদ্ধে অপ্রমাণিত বিষয়ে অন্তত ১৫০টি মামলা করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী সিনেটরদের ভাষ্য, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে করা এসব মামলায় প্রক্রিয়াগত ত্রুটির বিষয়টি তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকারবিষয়ক সংগঠনগুলো। এর মধ্যে সম্প্রতি শ্রম আইন লঙ্ঘনের জন্য তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়ার বিষয়টিও রয়েছে।

উল্লেখ্য, শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিলের শর্তে তিনি জামিনে আছেন।

সিনেটররা চিঠিতে রাজনৈতিক উদ্দেশ্যে বারবার বিচারিক প্রক্রিয়ার অপব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। তাদের ভাষ্য, বাংলাদেশের বহু নাগরিক সমাজের সদস্যরা যে ক্রমবর্ধমান প্রতিকূল পরিবেশের মুখোমুখি রয়েছেন ইউনূসকে অব্যাহতভাবে হয়রানি করা তারই প্রতিফলন।

স্বাক্ষরকারী অন্য সিনেটররা হলেন রিপাবলিকান সিনেটর টড ইয়াং, ডেমোক্রেট সিনেটর টিম কেইন, জেফ মার্কলি, জেন শাহিন, এড মার্কি, শেরোড ব্রাউন, পিটার ওয়েলস, শেলডন হোয়াইট হাউজ, রন উয়াইডেন ও কোরি বুকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত