গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় ব্রিজের উপর একটি বাস উল্টে গেছে। এতে বাসের চালক ও তার সহযোগী তুরাগ নদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাজার এলাকায় ব্রিজের উপর যাত্রীবাহী একটি বাস ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের চালক ও হেলপার বাসের ভেতর থেকে তুরাগ নদে পড়ে যায়। এছাড়া বাসের যাত্রীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে বাসের চালক ও সহযোগীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ এসে বাসটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
