‘আমি ৫৪ বছরে কোনো দিন ১ মিনিটও দেরি করে ক্লাসে যাইনি। শিক্ষক হিসেবে প্রথমই মনে করেছিলাম, প্রত্যেকটা ক্লাসেই আমাকে উপস্থিত ছাত্রদের সামনে পরীক্ষা দিতে হয়। এজন্য আমি নিজেকে আজীবন প্রস্তুত করেছি। আমি মনে করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গ্রন্থকেন্দ্রীক ও গ্রন্থ বিকেন্দ্রিক। কারণ এখানে জ্ঞান সৃষ্টি করতে হয় এবং সেই সৃষ্ট জ্ঞান ছাত্রদের মধ্যে সঞ্চার করতে হয়। তাদের মাথার ভেতর ঢুকিয়ে মাথাকে ব্লক করে দিতে হয় না। তাদেরকে তাদের মতো করে ভাবতে দিতে হয়। তাদের মধ্যে জিজ্ঞাসা তৈরি করে দিতে হয়, তাহলে তারা প্রশ্ন করতে শিখে। আমি অনেক কিছু না হয়ে শিক্ষক হয়েছি। অর্ধশতাব্দীর বেশি আমি শিক্ষকতা করেছি। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করি।
বুধবার (২৪ জানুয়ারি) এথিকস ক্লাব বাংলাদেশ আয়োজিত ১৩তম নৈকিকতা দিবস উৎসবের আদর্শ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন।
তিনি আরও বলেন, এই প্রথম জীবনে শিক্ষক হিসেবে সম্মানিত হলাম। এরকম আগে কখনো হয়নি। এজন্য এথিকস ক্লাব বাংলাদেশকে ধন্যবাদ জানাই। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক না থেকে প্রান্তিক পর্যায় থেকে শিক্ষকদের নির্বাচন করে সম্মানিত করেছে। এটা সত্যিই আনন্দদায়ক বিষয়।
এবার আদর্শ শিক্ষক সম্মাননা পুরস্কার পেয়েছেন ছায়ানটের সভাপতি অধ্যাপক ড. সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুন নবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি নারায়ন গিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মু. নুরুল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সঙ্গীত কলেজের গণেশ সরেন, সিরাজগঞ্জ উল্লাপাড়া রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমন আরাস্তা শিউলী এবং বান্দরবান সদরের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি ছায়ানটের সভাপতি অধ্যাপক ড. সনজীদা খাতুন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনুপম সেন। তার বদলে পুরস্কার গ্রহণ করেছেন পিএসসির সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। এ সময় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন ডা. দীপু মনি ও এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম।
